হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ পদক্ষেপ

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ২ minutes ago

দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সকল পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অর্জিত ছুটি এবং নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আপদকালীন এই পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা দেওয়া এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

error: Content is protected !!