আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। রায়ের বিরুদ্ধে আসামিরা আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে।
মামলায় অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে ৫ বছরের লঘুদণ্ড দেয়া হয়েছে। আদালত উল্লেখ করেছে, চৌধুরী মামুন সত্য উন্মোচন করেছেন, তাই তার সাজা লঘু করা হয়েছে।
ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে, যার মধ্যে দুটি গুরুতর—একটিতে আমৃত্যু কারাদণ্ড ও অপরটিতে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এছাড়া আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে।
গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়। হাসিনার রায় বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়েছে এবং রাজধানীর মোড়ে মোড়ে বড় পর্দায় দেখানো হয়েছে।
বর্তমানে হাসিনা ও আসাদুজ্জামান খান ভারতের আশ্রয়ে রয়েছেন। মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।