১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ১০ ঘন্টা আগে

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিকেল ৩টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানস্থলে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতদের করতালিতে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রীর শপথের পর পূর্ণমন্ত্রী হিসেবে মোট ২৪ জন শপথ নিতে যাচ্ছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবীব দুলু, আ ন ম এহসানুল হক মিলনসহ আরও অনেকে। এছাড়া কয়েকজন টেকনোক্র্যাটকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আরও ২৪ জন। তাদের মধ্যে রয়েছেন— এম রাশিদুজ্জামান মিল্লাত, শামা ওবায়েদ ইসলাম, ব্যারিস্টার কায়সার কামাল, ইশরাক হোসেন, নুরুল হক নুর, ফরহাদ হোসেন আজাদ, ববি হাজ্জাজসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিত্ব। নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রীয় প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শপথ অনুষ্ঠানে কূটনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!