চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার জন্য অনুরোধ জানিয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে তার নির্বাচনি কার্যালয় উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী বক্তব্যের প্রায় ৫৫ সেকেন্ডের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ধানের শীষ প্রতীকের এই প্রার্থীকে বলতে শোনা যায়, চাতুরী আনোয়ারার প্রাণকেন্দ্র এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এখানে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “দুই হাত জোড় করে বলছি, এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।”
তিনি আরও বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কেউ অপচেষ্টা চালালে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সরওয়ার জামাল নিজামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে বক্তব্যটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনাও করছেন। পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মহলের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।