১৭ বছরের সুরভীকে দেখানো হলো ২১, রিমান্ড দিল আদালত

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। জন্মনিবন্ধন অনুযায়ী সুরভীর বয়স ১৭ বছর এক মাস হলেও, পুলিশের তদন্ত প্রতিবেদনে তার বয়স ২১ বছর উল্লেখ করা হয়েছে। বয়সের এই গরমিলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালত প্রাঙ্গণে তার সমর্থকদের বিক্ষোভ করতে দেখা যায়।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, তাহরিমা সুরভীর বিষয়টি তিনি খোঁজ নিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, আইনগতভাবে দ্রুত প্রতিকার পাওয়া যাবে।

এদিকে, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে সুরভীর বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপন করেন। তিনি প্রশ্ন রাখেন—৫০ কোটি টাকার লেনদেনের কোনো ব্যাংক ট্রান্সফার, মোবাইল ফিন্যান্সিয়াল ট্রেইল বা প্রত্যক্ষ সাক্ষী আছে কি না, নাকি কেবল অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা অভিযোগ করে বলেন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাহরিমা সুরভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার চাঁদাবাজির মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, সুরভী অবৈধ প্রস্তাব ও মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন।

অন্যদিকে, জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে দাবি করেন, এক সাংবাদিকের সঙ্গে বিরোধের জের ধরে সুরভীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির চাকরি হারানোর ঘটনাও উল্লেখ করেন।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তাহরিমা সুরভীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে টঙ্গীর নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

error: Content is protected !!