ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাকার অপব্যবহার ও সন্দেহজনক লেনদেন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, টানা ৯৬ ঘণ্টা ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)–এর ব্যক্তি থেকে ব্যক্তিতে (পি-টু-পি) লেনদেন বন্ধ থাকবে।
নির্দেশনা অনুযায়ী, রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ইন্টারনেট ব্যাংকিং এবং বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে সরাসরি ব্যক্তি-থেকে-ব্যক্তি অর্থ স্থানান্তর করা যাবে না।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট–১ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এই সময়ের মধ্যে এমএফএস ও আইবিএফটি সেবার মাধ্যমে অর্থ লেনদেনের সম্ভাব্য অপব্যবহার প্রতিরোধে বিশেষ নজরদারি থাকবে।
প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন দ্রুত শনাক্ত করা যায়।
নির্দেশনায় আরও বলা হয়েছে—
সব ধরনের লেনদেন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে
সন্দেহজনক লেনদেনের তথ্য দ্রুত সংশ্লিষ্ট থানায় জানাতে হবে
এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন বাংলাদেশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে
এই ৯৬ ঘণ্টায় পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা সীমিত আকারে চালু থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, নির্বাচনপূর্ব সময়ে অবৈধ অর্থ লেনদেন ও প্রভাব বিস্তারের ঝুঁকি কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।