বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না। তিনি আশা প্রকাশ করেন, সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। তিনি আরও বলেন, “ব্যাংকিং খাতকে সমৃদ্ধিশালী ও গতিশীল করতে সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা। বিনিয়োগকারী, আমানতকারী ও কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়।”
এর আগে গত ৫ নভেম্বর, আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দেয়। সংশ্লিষ্ট ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
পরবর্তীতে, ৯ নভেম্বর, গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের একটি বিশেষ অনলাইন সভায় এই পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক **‘সম্মিলিত ইসলামী ব্যাংক’**কে প্রাথমিক লাইসেন্স প্রদান করা হয়।