উত্তরবঙ্গের কৃতি সন্তান ও পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ সরকারিভাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
দ্বাদশ/ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (১২ ফেব্রুয়ারি ২০২৬) বোদা ও দেবীগঞ্জ উপজেলার জনগণের বিপুল সমর্থনে প্রায় ১,৭৪,৬৫০ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তাঁর এই সাফল্যে পঞ্চগড়জুড়ে আনন্দের জোয়ার বইছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর স্থানীয়দের প্রত্যাশা আরও বেড়েছে। এলাকাবাসীর আশা—শুকিয়ে যাওয়া করতোয়া নদী আবার প্রাণ ফিরে পাবে, নদীভিত্তিক কৃষি ও চরের চাষাবাদে নতুন গতি আসবে। বন্যার পর করতোয়ার চরে কৃষকদের যে কর্মব্যস্ততা, তা আরও সুসংহত হবে বলে মনে করছেন তারা।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা ফরহাদ হোসেন আজাদ ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। প্রতিকূলতা ও নানা চাপের মধ্যেও তিনি দলের নেতাকর্মীদের সংগঠিত রেখে রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রেখেছেন।
এলাকাবাসী বলছেন, ফরহাদ হোসেন আজাদের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ পঞ্চগড়ের জন্য নতুন সম্ভাবনার প্রতীক। বিশেষ করে নদী পুনরুজ্জীবন, পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন তারা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় ঢাকা জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করানো হয়। শপথ শেষে ফরহাদ হোসেন আজাদ আনুষ্ঠানিকভাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে বোদা ও দেবীগঞ্জে বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটাররা আনন্দ মিছিল ও শুভেচ্ছা কর্মসূচি পালন করেন। পঞ্চগড়বাসীর মুখে এখন একটাই প্রত্যাশা—উন্নয়ন, নদীর প্রাণ ফেরানো আর কৃষকের হাসি।