হাদি গুলিবিদ্ধের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ, দোয়া–প্রার্থনায় একাত্ম মানুষ

স্টাফ রিপোর্টার │ দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রকাশ্য দিবালোকে এ হত্যাচেষ্টাকে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হামলা বলে আখ্যা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

ঘটনার পরপরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় ঐক্য সমাবেশে লাখো মানুষ অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন পরিচিত মুখকে প্রকাশ্যে গুলি করা রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনের শাসন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

এদিকে শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় সারা দেশের মসজিদ ও মাদরাসায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনেকেই ব্যক্তিগতভাবে রোজা রেখে তার আরোগ্য কামনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘ফিরে এসো হাদি’ শ্লোগানে আবেগঘন বার্তা, দোয়া ও প্রতিবাদে ভরে উঠেছে টাইমলাইন।

তবে ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ আরও বেড়েছে। সামাজিকমাধ্যমে প্রশ্ন উঠছে—কেন এখনো দৃশ্যমান অগ্রগতি নেই? দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

হাদির ওপর হামলার ঘটনাটি শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং ভিন্নমত ও গণতান্ত্রিক রাজনীতির ওপর আঘাত—এমন মত প্রকাশ করে দেশবাসী অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানাচ্ছে।

error: Content is protected !!