চট্টগ্রামের পটিয়া পৌরসভার মাজার গেট এলাকায় ওয়েল্ডিং কাজের সময় সৃষ্ট অগ্নিকাণ্ডে দুটি ওয়ার্কশপ পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুটি মাইক্রোবাস ও একটি লেগুনা সম্পূর্ণ ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা বলে জানা গেছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে পটিয়া পৌরসদরের ৭ নম্বর ওয়ার্ডের মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পটিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উজ্জ্বল দাশের মালিকানাধীন ‘মা ইঞ্জিনিয়ারিং’ ওয়ার্কশপে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পাশের জুয়েলের মালিকানাধীন ‘কুলসুমা ইঞ্জিনিয়ারিং’ ওয়ার্কশপেও আগুন লাগে। এতে দুটি ওয়ার্কশপ সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর পটিয়া স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ‘মা ইঞ্জিনিয়ারিং’-এর মালিক উজ্জ্বল দাশ জানান, আগুনে তার ওয়ার্কশপে থাকা দুটি মাইক্রোবাস ও একটি লেগুনা পুড়ে প্রায় ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ‘কুলসুমা ইঞ্জিনিয়ারিং’-এর মালিক জুয়েল বলেন, তার ওয়ার্কশপে কোনো যানবাহন না থাকলেও বিভিন্ন ওয়েল্ডিং যন্ত্রপাতি পুড়ে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজেশ বড়ুয়া জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। প্রাথমিকভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান। তবে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, ওয়েল্ডিংয়ের সময় সৃষ্ট আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।