রাজধানীর কল্যাণপুরে আলোচিত ‘জাহাজবাড়ি’ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় আসামিকে আদালতে হাজির করতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (দুপুরে) ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা। মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুর এলাকার ৫ নম্বর সড়কে অবস্থিত একটি ভবনের পঞ্চম তলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। ভবনটির প্রকৃত নাম ‘তাজ মঞ্জিল’ হলেও আকৃতির কারণে স্থানীয়দের কাছে এটি ‘জাহাজবাড়ি’ নামে পরিচিতি পায়।
অভিযান শেষে নয়জন নিহত হওয়ার তথ্য জানানো হয়। একজন গুলিবিদ্ধ অবস্থায় আটক হন এবং একজন পালিয়ে যান বলে দাবি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিহত ও আটক ব্যক্তিদের নব্য জেএমবির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরদিন ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার তৎকালীন পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১০ জনকে আসামি করা হয়, যা বর্তমানে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ঘটনার ভিন্ন বর্ণনা সামনে আসে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৬ মার্চ ‘জঙ্গি নাটক’ সাজিয়ে নয় তরুণকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।