ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে প্রতিবাদ কর্মসূচি

স্টাফ রিপোর্টার │ সোহাদ হোসেন প্রান্ত
প্রকাশ: ২ মাস আগে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাঁশ ফেলে মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে অবরোধ শুরু হলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকে পড়ায় যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিক্ষোভে অংশ নেওয়া আলমগীর হোসেন বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো মূল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়নি। দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

আরেক বিক্ষোভকারী নিরব রায়হান বলেন, “আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি করছি না, আমরা ন্যায়বিচার চাই। ওসমান হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হলেও রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলমান ছিল।

এদিকে অবরোধের কারণে সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর ও সানারপাড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে ছাত্র-জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছি।”

error: Content is protected !!