নুরুল হক নুরের দাবি: ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিতে হবে

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে, দেশের জন্য তত ভালো হবে। রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি ফেব্রুয়ারির পরিবর্তে জানুয়ারিতেই নির্বাচন আয়োজনের দাবি জানান।

নুরুল হক নুর অভিযোগ করেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “নির্বাচন সংঘাতমুখর হবে নাকি শান্তিপূর্ণ—এটার সবকিছু শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নয়, বরং রাজনৈতিক দলগুলোর আচরণের ওপরও নির্ভর করবে।”

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, সময়মতো নির্বাচন না হলে দেশের রাজনীতিতে আবারো অশান্তির কালো মেঘ ঘিরে বসতে পারে। জাতীয় পার্টি প্রসঙ্গে নুর বলেন, “জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে, আওয়ামী লীগ তাদের মাধ্যমে ফিরে আসবে এবং নির্বাচন বানচাল করার চেষ্টা করবে।”

গণঅধিকার পরিষদ আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের ২৬ অক্টোবর যাত্রা শুরু করে। তবে এর মূল ভিত্তি ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, যেখানে নেতৃত্বদানকারীদের নেতৃত্বে গড়ে ওঠে এই সংগঠন।

error: Content is protected !!