বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। শনিবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠানে তিনি এ স্লোগান ধরেন এবং উপস্থিত সকলকে একত্রে স্লোগান দেওয়ার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, মাতুয়া বহুজন সমাজের যে দাবিগুলো এসেছে তা তখনই বাস্তবায়ন সম্ভব, যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। তিনি উপস্থিতদের কাছে সরাসরি প্রশ্ন তোলেন, “আপনারা কি আমাদের নেতাকে প্রধানমন্ত্রীত্বের পদে প্রতিষ্ঠিত করবেন?” এবং তা নিশ্চিত হলে সবাই একসঙ্গে স্লোগান দেয়—“হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।”
তিনি আরও বলেন, “আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে অতীতের তিক্ততা ভুলে, পুরনো বিভাজন পেছনে ফেলে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ দেশ গড়ে উঠবে। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন।”
মাতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে বিএনপির মহাসচিবের কাছে যে দাবিগুলো তুলে ধরা হয়, তা হলো—
অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়ন,
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,
জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন,
সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা,
দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন,
ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন গঠন,
মনোনয়ন ও জাতীয় সংসদসহ জীবনের প্রতিটি স্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ,
বিভিন্নভাবে চাপানো মামলার প্রত্যাহার।
ফখরুল জানান, এসব দাবি বাস্তবায়ন নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে