জুলাই গণঅভ্যুত্থানে অবিস্মরণীয় ভূমিকা রাখা ১৭ বছর বয়সী কিশোরী তাহরিমা জান্নাত সুরভীকে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জামিন দিয়েছেন গাজীপুরের আদালত। সোমবার সন্ধ্যায় তাঁর আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ জামিন মঞ্জুর করেন।
এর আগে মামলাটিতে তদন্ত সম্পন্ন না করেই আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিভিন্ন মহল রিমান্ডের সিদ্ধান্তকে অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেয়।
মামলাটিকে মিথ্যা ও প্রতারণামূলক দাবি করে সুরভীর জামিনের দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানায়। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে মামলার বাদি কথিত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় এবং তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওমর ফারুকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও ওঠে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ।