ফটিকছড়িতে দুর্বৃত্তদের গু*লিতে জামায়াত কর্মী নি*/হত, আহত ১

দেশ এডিশন ডেস্ক | চট্টগ্রাম:
প্রকাশ: ১ মাস আগে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে জামাল উদ্দিন (জামায়াতে ইসলামীর কর্মী) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় নাসির উদ্দিন ওরফে ছোট নাসির গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত শাহনগর দিঘীর পাড় এলাকায় এসে হঠাৎ জামাল উদ্দিন ও নাসির উদ্দিনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাটি তদন্তাধীন।”

পুলিশ আরও জানিয়েছে, স্থানীয়রা নিহত ও আহত দুজনকে জামায়াত কর্মী হিসেবে দাবি করলেও বিষয়টি যাচাই করা হচ্ছে। হামলাকারীদের পরিচয় ও হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

error: Content is protected !!