দায়িত্বে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা: শেরপুরে সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত ২, আহত ৫

জান্নাতুল বাকী, জেলা প্রতিনিধি, শেরপুর | দেশ এডিশন
প্রকাশ: ৯ ঘন্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রোকনুজ্জান রুকন (৩১) ও মাহফুজা খাতুন (১৯)।
রোকনুজ্জান রুকন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট–এর এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি সরিষাবাড়ি উপজেলায়।
অপর নিহত মাহফুজা খাতুন মাদারগঞ্জ উপজেলার কাতলামারি গ্রামের নিরবের স্ত্রী।
দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জান রুকনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজা খাতুনের মৃত্যু হয়।
নিহত রুকনের ছোট ভাই রবিন জানান, পারিবারিক কাজে গত সোমবার রুকন বাড়িতে গিয়েছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। শেরপুরে আসার পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
মাহবুবা হক, শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি কোন কেন্দ্রে দায়িত্বে ছিলেন, সে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার স্থলে দায়িত্ব পালনের জন্য অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। পর্যাপ্তসংখ্যক কর্মকর্তা প্রস্তুত রয়েছে।
সোহেল রানা, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

error: Content is protected !!