কোম্পানীগঞ্জে চুরির চেষ্টা ব্যর্থ, স্থানীয়দের তৎপরতায় আটক ১

হিমেল (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: ৭ দিন আগে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা এলাকায় একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে একজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর রাত আনুমানিক ৪টার দিকে। উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কবিরাজ বাড়ির সামনে সুমনের বাড়িতে ডাকাতির চেষ্টা চালানো হয়। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত জড়ো হলে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে একজনকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী।

আটক ব্যক্তির নাম ওমর ফারুক (২৭)। তিনি বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড করালিয়া এলাকার ফিরোজ আলমের ছেলে বলে জানা গেছে। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন,
“একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হবে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।”

স্থানীয়দের ভাষ্য, ডাকাত দলে ৩ থেকে ৪ জন সদস্য ছিল। এলাকাবাসীর প্রতিরোধের মুখে বাকিরা পালিয়ে যায়।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

error: Content is protected !!