আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী হেনস্থা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে চাটখিল উপজেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত এবং সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি জুনায়েদ হোসেন উল্লেখ করেন, নির্বাচনের পূর্বমুহূর্তে দুই উপজেলায় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক।
উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে—
-
সর্বপর্যায়ে নারী হেনস্থা বন্ধ ও জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা
-
একটি নির্দিষ্ট পক্ষের মাধ্যমে সাধারণ ভোটার ও নির্বাচনী এজেন্টদের হুমকি-ধমকি বন্ধ
-
ভয়ভীতি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও স্মারকলিপিতে তুলে ধরা হয়। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে মাইকিং, রঙিন ব্যানার-ফেস্টুন সাঁটানো এবং নগদ অর্থ বিতরণের মতো কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী পরিবেশ প্রভাবিত করার চেষ্টা চলছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ দলীয়ভাবে সক্রিয় হয়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে—এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, জেলা দপ্তর সম্পাদক আমিমুল এহসান ফাহাদ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, জেলা উত্তর প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, নোয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি নাজিম মাহমুদ শুভসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শেষে নির্বাচন কর্মকর্তার নিকট উত্থাপিত বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
