অনার্স ক্লাব মেধাবৃত্তি পরীক্ষার ষষ্ঠ আয়োজন অনুষ্ঠিত

মোঃ শাহাদাৎ হোসেন │ দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে অনার্স ক্লাবের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার ষষ্ঠ আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (____) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের পাঁচটি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১৬৮ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩২ জন শিক্ষার্থী। পরীক্ষা শুরুর আগে সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে ২০২৪ সালের মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অনার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. গিয়াস উদ্দীন জানান, মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে মোট ২০ জন মেধাবী শিক্ষার্থীকে এক বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে। তিনি আরও বলেন, অনার্স ক্লাব দীর্ঘদিন ধরে পুরাপাড়া ইউনিয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, রক্তদান, তথ্যপ্রযুক্তি সেবা এবং যুব প্রশিক্ষণসহ নানা জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন সংগঠনের কোষাধ্যক্ষ ও সদ্য ৪৫তম বিসিএস (কৃষি ক্যাডার) সুপারিশপ্রাপ্ত তারিকুর রহমান অংকন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তানভীর তালুকদার ও তনয় তালুকদার। এ ছাড়া নুর আলম ফকির, কাজী শাকিল, মেহেদী হাসানসহ একঝাঁক স্বেচ্ছাসেবক পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।

সংগঠনের সদস্য তনয় তালুকদার জানান, খুব দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তির অর্থ প্রদান করা হবে।

এ বিষয়ে কোষাধ্যক্ষ তারিকুর রহমান অংকন বলেন, সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে অনার্স ক্লাবের শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে—ইনশাআল্লাহ।

error: Content is protected !!