অনুদানের খেজুর আসে প্রতিটি উপজেলায়, জানেন না দেশের অধিকাংশ মানুষ

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

পবিত্র রমজান মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের সহায়তার লক্ষ্যে সরকার ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অনুদানের খেজুর দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে পাঠানো হলেও এ বিষয়ে এখনো অবগত নন অধিকাংশ মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রমজানের গুরুত্ব বিবেচনায় বিভিন্ন দেশ ও দাতব্য সংস্থার দেওয়া খেজুর অনুদান হিসেবে দেশে আসে। পরে এসব খেজুর জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে এতিমখানা, মাদ্রাসা, মসজিদ ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণের কথা রয়েছে।

তবে অনেক স্থানে সঠিক তথ্যের অভাব এবং সীমিত প্রচারণার কারণে সাধারণ মানুষ এ বিষয়ে জানতে পারেন না। ফলে প্রকৃত সুবিধাভোগীদের অনেকেই এই অনুদানের আওতায় আসতে পারেন না বলে অভিযোগ রয়েছে।

সচেতন মহলের মতে, অনুদানের এসব পণ্য বিতরণে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা প্রকাশ ও স্থানীয়ভাবে প্রচারণা বাড়ানো হলে দরিদ্র জনগোষ্ঠী বেশি উপকৃত হবে।

এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীলদের দাবি, অনুদানের সামগ্রী যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিতরণ করা হয় এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও স্বচ্ছ ও জনসম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

error: Content is protected !!