পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বিশেষ সুবিধা, মিলবে আমানতের বিপরীতে ২০ শতাংশ বিনিয়োগ। একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের আমানতকারীদের স্বস্তি দিতে বিশেষ একটি স্কিম অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় গ্রাহকরা ধাপে ধাপে আমানত উত্তোলনের পাশাপাশি নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ সুবিধা পাবেন।
সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্কিমটির চূড়ান্ত অনুমোদন দেন। আগামী মঙ্গলবার সার্কুলার জারির মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
ধাপে ধাপে আমানত উত্তোলনের সুযোগ
স্কিম অনুযায়ী আমানত বিমার আওতায় থাকা গ্রাহকরা প্রথম ধাপে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করতে পারবেন। দুই লাখ টাকার বেশি আমানত থাকলে, প্রাথমিক উত্তোলনের পর প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে তোলার সুযোগ থাকবে। একই সঙ্গে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক চালু হওয়ার পর গ্রাহকরা তাঁদের মোট আমানতের বিপরীতে ২০ শতাংশ পর্যন্ত স্বল্প মুনাফায় বিনিয়োগ নিতে পারবেন। পাশাপাশি, আমানতের ওপর নির্ধারিত মুনাফাও প্রযোজ্য থাকবে।
এফডিআরের মেয়াদ পুনর্নির্ধারণ
চার বছর পর্যন্ত মেয়াদি এফডিআরের সময়সীমা এক বছর করে বাড়ানো হবে। পাঁচ বছর মেয়াদি এফডিআর অপরিবর্তিত থাকবে। তিন মাসের এফডিআর বাড়িয়ে নয় মাস এবং ছয় মাসের এফডিআর এক বছর মেয়াদে রূপান্তর করা হয়েছে। নির্ধারিত মেয়াদ শেষে গ্রাহকরা এসব এফডিআরের অর্থ উত্তোলন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, গ্রাহকদের তাৎক্ষণিক আর্থিক চাহিদা বিবেচনায় রেখেই আমানতের বিপরীতে বিনিয়োগ সুবিধা চালু করা হচ্ছে।
বোর্ড সভা ও প্রস্তুতি কার্যক্রম
সোমবার বাংলাদেশ ব্যাংকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান আইয়ুব মিয়া। সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, নবগঠিত ব্যাংকের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বোর্ড সভা সূত্রে জানা যায়, চলতি সপ্তাহ থেকেই আমানত ফেরতের কার্যক্রম শুরু হবে। এ জন্য পাঁচটি ব্যাংকের আইটি সিস্টেম প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে ব্যক্তি গ্রাহকরা সঞ্চয়ী হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারবেন।
নতুন ব্যাংকের কার্যক্রম
চলতি সপ্তাহেই পাঁচটি ব্যাংকের শাখায় নতুন ব্যাংকের সাইনবোর্ড স্থাপন করা হবে। তবে সম্পদ ও দায় স্থানান্তরের কাজ রেজল্যুশন স্কিম অনুযায়ী ধাপে ধাপে সম্পন্ন হবে। এ সময় প্রশাসকরা দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে নির্ধারিত যোগ্যতা ও অনিয়মে জড়িত না থাকার শর্তে কর্মকর্তা-কর্মচারীদের নতুন ব্যাংকে আত্মীকরণ করা হবে। শেষ সময়ে দেওয়া গণ-পদোন্নতিও পর্যালোচনার আওতায় আসবে।
মূলধন ও ভবিষ্যৎ পরিকল্পনা
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে রাজধানীর সেনাকল্যাণ ভবনে। ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা এবং আমানত বিমা তহবিল থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে অর্থ উপদেষ্টাকে প্রধান অতিথি করে ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অভিজ্ঞ ও তরুণ আলেমদের সমন্বয়ে তিন সদস্যের একটি শক্তিশালী শরিয়াহ বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
একীভূত হওয়া ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।