পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) সকাল ১০টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার একটি শিশু সদনে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন। পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করতে পোলাও চাল, সেমাই, ভোজ্য তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়। উপহার পেয়ে শিশুদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে কোনো শিশুকেই অসহায়ত্বের কষ্ট অনুভব করতে হবে না।”
বিজিবির এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ধরনের উদ্যোগকে মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।