আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রুপন দত্ত | দেশ এডিশন:
প্রকাশ: ৪ minutes ago

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। জিন্নাত (২১) নামের ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর পর গৃহবধূর পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে ওমর ফারুকের সঙ্গে জিন্নাতের বিয়ে হয়। জিন্নাতের বাবার বাড়ি বাঁশখালী উপজেলার জলদি এলাকায়। তাদের সংসারে ৮ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

জিন্নাতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরের সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। গৃহবধূর খালাতো ভাই আজাদ বলেন, “বিয়ের সময় আমরা স্বর্ণ দিয়েছিলাম। পরে সেসব স্বর্ণ নিয়ে বিরোধ শুরু হয়। আজ সকালে আমাদের ফোন করে বলা হয় সে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে আমরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়।”

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!