দেশের ভোজ্যতেলের বাজারে আবারও দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (টিটিসি) সোমবার এক বিজ্ঞপ্তিতে সুপারিশ করেছে, লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানো হোক।
কমিশন জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি, ডলারের হার বৃদ্ধি এবং গড় এলসি মূল্য ও ইনবন্ড-এক্সবন্ডের প্রভাবের কারণে ভোজ্যতেলের দাম সমন্বয় প্রয়োজন।
গত ২৭ জুলাই তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে লিটারপ্রতি সয়াবিন তেল ১৮৯ টাকায় বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিনের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার।
টিটিসি সুপারিশ করেছে, লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৮৯ টাকার পরিবর্তে ৯ টাকা ২৭ পয়সা বৃদ্ধি করে ১৯৮ টাকা ২৭ পয়সা, এবং খোলা ১ লিটার সয়াবিন তেল ৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার বিষয়ে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, চলতি বছরে দেশের বাজারে ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ১৪ শতাংশ বেড়েছে।
এতে বছরের শেষের দিকে ভোজ্যতেলের দাম আবারও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।