আমরা আজ কলি হয়ে আছি, একদিন ফুটবই’ — নাহিদ ইসলাম

দেশ এডিশন | রাজনৈতিক ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

‘আমরা আজ কলি হয়ে আছি, ইনশা আল্লাহ, যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন— আমরা একদিন ফুটবই।’ এমন দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি দলের প্রতীক ‘শাপলা কলি’-কে কেন্দ্র করে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক আদর্শ তুলে ধরেন।

নাহিদ ইসলাম বলেন,

“আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এনসিপি অনেক লড়াই করে একটি সুন্দর প্রতীক জয় করেছে— সেটি হলো শাপলা কলি। এটি আমাদের আপামর গ্রামবাংলার প্রতিচ্ছবি, নদীময় সভ্যতার প্রতীক এবং শুভ্রতার প্রতীক।”

তিনি আরও বলেন,

“অনেকেই রাজনীতিকে ভয় পান বা দূরের কিছু মনে করেন। কিন্তু রাজনীতি আসলে আপনার জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িত— এটি নির্ধারণ করে রাষ্ট্র কীভাবে চলবে, সমাজ কোন পথে যাবে। তাই রাজনীতি থেকে দূরে নয়, বরং রাজনীতিকে নিজের করে নিতে হবে।”

গণ-অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের অবদানের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন,

“আমরা দেখেছি, আন্দোলনের সময় শুধু রাজনীতিবিদরাই লড়েননি, সাধারণ মানুষও লড়েছেন। তাই যদি আপনার মধ্যে দেশ বদলের অঙ্গীকার থাকে, তাহলে রাজনীতিতে অংশ নিন— রাজনীতিকে জয় করুন, নিজের করে নিন। আমরা চাই না রাজনীতি শুধু টাকাওয়ালা লুটেরা ব্যবসায়ী বা চাঁদাবাজদের হাতে থাকুক। রাজনীতি হবে সাধারণ মানুষের।”

৫ আগস্ট সংসদ ভবনে সংঘটিত ঘটনাকে স্মরণ করে তিনি বলেন,

“জনগণের ভোটে জনপ্রতিনিধিরা সংসদে আসেন, কিন্তু সেই সংসদ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা ৫ আগস্ট সংসদ ভবন দখলমুক্ত করেছিলাম কারণ সেটি দলীয়করণের হাতিয়ার হয়ে গিয়েছিল। রাষ্ট্রকে মুক্ত করার জন্যই আমরা সেখানে গিয়েছিলাম।”

তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে সংস্কার প্রক্রিয়া নিয়ে এনসিপি কাজ করে যাচ্ছে।

“ঐকমত্য কমিশনের মাধ্যমে দেশের সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং একটি জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। এবার আসন্ন সংসদই হবে ‘সংস্কার পরিষদ’, যেখানে আমাদের স্বপ্নের পরিবর্তন বাস্তবায়িত হবে।”

নাহিদ ইসলাম বলেন,

“এবারের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনই নির্ধারণ করবে— আমরা কোন পথে এগোবো, কোন বাংলাদেশ গড়ব।”

দেশ এডিশন রাজনৈতিক ডেস্ক

error: Content is protected !!