আসন্ন জাতীয় নির্বাচনে দেশের মানুষ পরিবর্তন চায়: হুম্মাম কাদের

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে দেশের মানুষ পরিবর্তন চায়। তিনি বলেন, “নির্বাচনে দল বা প্রতীকের চেয়ে প্রার্থীর নীতি, সততা ও উদ্দেশ্যকে বিবেচনা করে ভোট দেওয়া উচিত।”

সোমবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া জিয়াউল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন,

“বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, তবুও জনগণের মনোবল অটুট রাখতে এবং দলের কর্মীদের হতাশ না করতে তিনি নির্বাচনে অংশ নেবেন। তিনি দেখাতে চান—শেষপর্যন্ত দেশের মানুষের জন্য কাজ করতে চান।”

নিজের রাজনৈতিক পথচলার স্মৃতি তুলে ধরে তিনি বলেন,

“বাবাকে হারানোর পর অনেকে বলেছিলেন রাজনীতি ছেড়ে দিতে, কিন্তু বাবার সঙ্গে সম্পর্কিত লাখো মানুষের ভালোবাসা ও দায়িত্ববোধ আমাকে দেশে থাকতে এবং রাজনীতিতে ফিরে আসতে সাহস দিয়েছে।”

তিনি আরও বলেন,

“জীবনের ঝুঁকি ও নির্যাতনের মধ্য দিয়েও আমি দলের সঙ্গে আছি। দেশের মানুষ এখন শান্তি, ন্যায়বিচার ও সম্মান চায়—আমরা সেই প্রত্যাশা পূরণের জন্য মাঠে আছি।”

দিনব্যাপী কর্মসূচিতে তিনি পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে নেজামিয়া সিদ্দিকিয়া মালেকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় হযরত মাওলানা নিজাম উদ্দিন শাহের মাজার জিয়ারত করেন।

কর্মসূচির শুরুতে তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন। এসব অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দলের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেন।

স্থানীয় পর্যায়ে হুম্মাম কাদেরের প্রচারণা ও জনসংযোগ কার্যক্রমে উৎসাহ ও আশাবাদ দেখা যাচ্ছে কর্মী-সমর্থকদের মধ্যে।

error: Content is protected !!