ইরানকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা ও অনিশ্চয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বড় পতনের একদিন পরই আবারও বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে উঠেছে ব্রেন্ট ক্রুড তেলের দাম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ মার্চ) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩.৭৫ শতাংশ বেড়ে ১০৩.৬৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে নাইমেক্স লাইট সুইট ক্রুডের দাম ৩.৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯১.৫৫ ডলারে।
এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য নতুন হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনা ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। এ ঘোষণার পর সেদিন তেলের দামে ১০ শতাংশের বেশি পতন দেখা যায়।
তবে ইরান সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।