ইরানে হামলায় যুক্ত হচ্ছে না অস্ট্রেলিয়া, স্পষ্ট অবস্থান ক্যানবেরার

দেশ এডিশন আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার—এমন স্পষ্ট অবস্থান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তিনি জানিয়েছেন, ইরানে চলমান হামলায় অস্ট্রেলিয়া অংশ নেয়নি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার সিদ্ধান্ত নেই।

সোমবার অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে পেনি ওং বলেন, “আমরা এই হামলায় অংশ নিইনি এবং আমাদের এমন কোনো পরিকল্পনাও নেই।”
খবরটি প্রকাশ করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সিডনি ও মেলবোর্নে ইহুদিবিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনার পেছনে ইরানের বিপ্লবী গার্ড জড়িত—এমন অভিযোগ তুলে ২০২৫ সালে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করে অস্ট্রেলিয়া। যদিও তেহরান এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

অতীতে ইরাক যুদ্ধসহ একাধিক মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে অস্ট্রেলিয়াকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেলেও, বর্তমান ইরান সংকটে ভিন্ন অবস্থান নিয়েছে দেশটি। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে—এমন আশঙ্কা থেকেই সামরিকভাবে জড়ানো থেকে বিরত থাকার কৌশল নিয়েছে ক্যানবেরা।

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে অস্ট্রেলিয়ার কূটনৈতিক ভারসাম্য রক্ষার নীতিকেই প্রতিফলিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

error: Content is protected !!