যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন মিত্র দেশগুলোর বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। শনিবার ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে তেহরান।
ইরানি সরকারি সূত্র জানায়, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সম্পদকে লক্ষ্য করেই এই প্রতিশোধমূলক অভিযান পরিচালিত হয়েছে। হামলার আওতায় রয়েছে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত—যেসব দেশে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি ও সামরিক স্থাপনা রয়েছে।
এর আগে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তেহরানের দাবি, ওই হামলার প্রতিক্রিয়াতেই এই পাল্টা অভিযান।
এদিকে ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ও ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তু “ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তিশালী আঘাতে” আক্রান্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা দীর্ঘায়িত হলে তা বৈশ্বিক জ্বালানি বাজার ও কূটনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।