ইরানের সার্বভৌমত্বে চীনের সমর্থন, পাশে থাকার ঘোষণা

দেশ এডিশন আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ২ minutes ago

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বেইজিং তেহরানের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একাধিক কূটনৈতিক ফোনালাপে দেশটির অবস্থান তুলে ধরেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনায় তিনি বলেন, চীন-ইরান ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় চীন সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ওয়াং ই অবিলম্বে চলমান সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করেন, উত্তেজনা যেন আরও বিস্তৃত হয়ে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সচেতন থাকা জরুরি।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে পৃথক আলোচনায় চীনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, সাম্প্রতিক পদক্ষেপ জাতিসংঘ সনদের নীতির পরিপন্থী। বেইজিং জানায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামোর ভেতর থেকেই ন্যায়ভিত্তিক সমাধান ও সংঘাত নিরসনে তারা গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।

এ ছাড়া ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনায় বৈশ্বিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ওয়াং ই। তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্ক ‘জঙ্গলের আইন’-এর পথে ফিরে গেলে তা বিশ্বশান্তির জন্য বড় ঝুঁকি তৈরি করবে। কোনো রাষ্ট্র সামরিক শক্তির প্রাধান্য দেখিয়ে অন্য দেশের বিরুদ্ধে নির্বিচার পদক্ষেপ নিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

চীনের অবস্থান অনুযায়ী, ইরানের পারমাণবিক ইস্যুসহ সামগ্রিক সংকটের সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব। সামরিক শক্তি প্রয়োগে স্থায়ী সমাধান আসবে না—এমনটাই মনে করে বেইজিং।

error: Content is protected !!