ঈদুল ফিতরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ঐক্য ও সম্প্রীতির আহ্বান

দেশ এডিশন অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার চেতনায় সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা এক মাস সিয়াম সাধনা ও সংযম পালনের পর আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মানুষকে সংযম, ত্যাগ, মানবসেবা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পরস্পরের প্রতি ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ঈদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি মহান আল্লাহর কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।

error: Content is protected !!