রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের ঘটনায় রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী লিমন হোসেন জানান, তারা দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সকালে ঈদের কেনাকাটার জন্য তার স্ত্রী ব্যাটারিচালিত রিকশায় করে মিরপুর পল্লবীর দিকে যাচ্ছিলেন।
পথে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে ছিনতাইকারী তার স্ত্রীর ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গিয়ে আহত হন।
পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে টঙ্গীর আহসানউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লিমন আরও জানান, মুক্তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, তার মাথা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তুরাগ থানা পুলিশ তদন্ত করছে।