কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতাসহ কাভার্ডভ্যান জব্দ

দেশ এডিশন (সিলেট) ব্যুরো চীফ
প্রকাশ: ৪ মাস আগে

দেশ এডিশন (সিলেট) ব্যুরো চীফ :

কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান বোঝাই ৮০ বস্তা ভারতীয় চা-পাতাসহ একজন চালককে আটক করেছে।

জানা যায়, সোমবার (২০ অক্টোবর) রাত ২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসার সামনে টহলরত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ডভ্যানটি থামায়। পরে তল্লাশী চালিয়ে ভ্যানের ভেতর থেকে ৫০ কেজির ৮০ বস্তায় মোট ৪ হাজার কেজি চা-পাতা উদ্ধার করা হয়।

পুলিশ বিশ্বনাথ থানার ৩৬ হাওরাবাজার গ্রামের মৃত নাইম উদ্দিনের পুত্র মাসুম মিয়া (২৬)-কে কাভার্ডভ্যানসহ আটক করে থানায় নিয়ে আসে।

কানাইঘাট থানার সেকেন্ড অফিসার নুর হোসেন জানান, এসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশ টিমটি অভিযানে অংশ নেয়। উদ্ধারকৃত চা-পাতার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা। তিনি আরও জানান, তদন্ত শেষে চোরাচালান চক্রের মূল হোতাদের নাম-পরিচয় শনাক্ত করে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, “ভারতীয় চা-পাতা আমদানির কোনো বৈধ অনুমোদন না থাকায় এটি স্পষ্টতই চোরাচালানের ঘটনা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে চিনির দাম কমে যাওয়ায় সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে চোরাকারবারীরা ভারতীয় চা-পাতা পাচারে বেশি সক্রিয় হয়ে উঠেছে।

error: Content is protected !!