চট্টগ্রাম শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের অভিযানের সময় হামলার ঘটনায় একজন র্যাব সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় র্যাবের আরও দুই সদস্য ও একজন সহযোগী গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় একটি অভিযানে যায় র্যাব–৭-এর একটি দল। অভিযানের সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং এক পর্যায়ে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় নায়েব সুবেদার আব্দুল মোতালেব গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় প্রশাসন জানায়, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিনুল ইসলাম জানান, আহত র্যাব সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
এ বিষয়ে র্যাব–৭-এর গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, অভিযানের সময় হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।