কালিহাতীতে প্রাইভেটকার ও ভ্যানের সংঘর্ষ

আনোয়ার হোসেন আবিদ, জেলা প্রতিনিধি (টাঙ্গাইল)
প্রকাশ: ৪ ঘন্টা আগে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী ভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। ঢাকা–যমুনা সেতু মহাসড়কে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার জোকারচর এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন গোহালিয়াবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে ভ্যানচালক আমির আলী (৪০) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে শরিফ (৪১)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাত্রাবাহী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ছিটকে পড়ে যায় এবং চালক ও যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক আমির আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
যমুনা সেতু পূর্বপাড় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

error: Content is protected !!