কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্থানীয়রা দ্রুত সেটিকে বালিয়াড়িতে গর্ত করে মাটিচাপা দিয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৯টার দিকে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের পশ্চিম সমুদ্রসৈকতে তিমিটি ভেসে আসে।
দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেরা প্রথমে বিশাল আকৃতির তিমিটিকে দেখতে পান। পরে কয়েকটি ট্রলার মিলে রশি দিয়ে টেনে সেটিকে উপকূলের কাছাকাছি নিয়ে আসা হয়। তখনই তিমিটি মৃত এবং দুর্গন্ধ ছড়াচ্ছে বুঝতে পেরে জেলেরা সেটিকে সাগরে ভাসমান অবস্থায় রেখে চলে যান। পরবর্তীতে জোয়ারের পানিতে ভেসে তিমিটি কুতুবদিয়া পশ্চিম সমুদ্রসৈকতের বালিয়াড়িতে আটকে যায়।
তিনি আরও জানান, মৃত তিমিটি ধীরে ধীরে ফুলে ওঠে এবং এতে হাইড্রোজেনসহ বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়, যা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে আশপাশের মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে ভেবে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। একটি এক্সকেভেটর দিয়ে বালিয়াড়িতে গর্ত করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তিমিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।
স্থানীয়দের ধারণা, তিমিটির ওজন দুই থেকে তিন টনের বেশি এবং দৈর্ঘ্য প্রায় পাঁচ থেকে ছয় মিটার হতে পারে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার পরিদর্শক মাহবুবুল হক জানান, প্রথমে বিষয়টি তাদের জানা ছিল না। পরে রাতে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় দুর্গন্ধ ও সম্ভাব্য ঝুঁকি এড়াতে তিমিটিকে বালিয়াড়িতে পুঁতে ফেলা হয়েছে।