কুতুবদিয়ায় দুই ঘটনায় পাঁচজনের রি মা ন্ড মঞ্জুর

মোঃ তানজিল , ‎কুতুবদিয়া:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে জেলে শাহাদাত হোসেন খোকন নিহতের ঘটনায় এক আসামিকে পাঁচ দিনের এবং ফিসিং ট্রলার দুর্ঘটনার ঘটনায় চারজনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের শাহাদাত হোসেন খোকন নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই জসিম উদ্দিন কুতুবদিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব–১৫ কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মোহাম্মদ আরিফকে গ্রেপ্তার করে।

এদিকে একই সময়ে সমুদ্রে একটি ফিসিং ট্রলারের ধাক্কায় ১৭ জন মাঝি–মাল্লার মধ্যে দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় ফিসিং ট্রলারের মালিক নাছির উদ্দীন বাদী হয়ে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) প্রবাল সিনহার নেতৃত্বে অভিযান চালিয়ে এমটি মেরিনটাই–১ জাহাজে থাকা একটি ফিশিং জাহাজের স্কিপার, ইঞ্জিনিয়ার ও পরিচালকসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হলে কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ট্রলার সংশ্লিষ্ট চার কর্মচারীর তিন দিনের রিমান্ড এবং জেলে শাহাদাত হত্যা মামলায় গ্রেপ্তার মোহাম্মদ আরিফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আরিফকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন কুতুবদিয়া ফিসিং মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীনসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

error: Content is protected !!