কুষ্টিয়ার কুমারখালীতে মসজিদের এক ইমাম ও ছাত্রশিবির কর্মীকে রড ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আসলাম উদ্দিন (২১)। তিনি যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে এবং জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম। একই সঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ছাত্রশিবিরের কর্মী হিসেবে যদুবয়রা ইউনিয়নের ছয়টি ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ইমাম আসলাম উদ্দিন জানান, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে লালনবাজার সংলগ্ন বাবুর কাঠ পরিমাপ যন্ত্র এলাকার কাছে দুইটি মোটরসাইকেলে করে আসা চার থেকে পাঁচজন ব্যক্তি তার পথরোধ করে। পরে রড ও কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারীদের কেউ মুখ বাঁধা ও কেউ মুখে মাস্ক পরা ছিল বলেও জানান তিনি।
তিনি আরও দাবি করেন, নির্বাচনে ছাত্রশিবিরের কর্মী হিসেবে দায়িত্ব পালনের কারণে পরাজিত পক্ষের লোকজন এ হামলা চালাতে পারে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুঠোফোনে বলেন, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ইমাম সাহেবের ওপর হামলা চালায়। তার পিঠ, হাত, পায়ের মাংসপেশি ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, মসজিদের এক ইমামের ওপর হামলার খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।