গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছের পোনা ভর্তি টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
রবিবার (৮ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার নাগরা–বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রিয়াজ শেখ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বান্ধাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কেরাণীর পোল এলাকায় বিপরীত দিক থেকে আসা মাছের পোনা বোঝাই একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিয়াজ শেখ নিহত হন এবং মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।