খুলনায় আদালত চত্বরে দিনের আলোয় দু’জনকে গুলি করে হত্যা

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

 

খুলনা জেলা ও দায়রা জজ আদালত এলাকার সামনেই প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক নিহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। জনাকীর্ণ ও উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকায় এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহতরা হলেন—খুলনা নগরীর নতুন বাজার চর মসজিদ গলির বাসিন্দা মো. মান্নাফ হাওলাদারের ছেলে মো. হাসিব হাওলাদার, যার বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অন্যজন হলেন রূপসা উপজেলার বাগমারা এলাকার মো. রাজন, ইজাজ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি মামলায় হাজিরা শেষে আদালত ভবন থেকে বের হয়ে সড়কে আসামাত্র মোটরসাইকেলে করে আসা ৩–৪ জন সশস্ত্র ব্যক্তি তাদের ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে একজন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দু’জনের ওপরই চাপাতি দিয়ে আঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার দৃশ্য আদালত ভবনের তৃতীয় তলা থেকে কয়েকজন দেখেন বলে জানা গেছে। তারা জানান, হামলাকারীরা দ্রুত ফরেস্ট অফিসমুখী দিক দিয়ে পালিয়ে যায়।

এদিকে আদালতে হাজিরা দিতে আসা ছয়জনের মধ্যে চারজনের জামিন না-মঞ্জুর হলেও হাসিব ও রাজন জামিন পেয়ে বাইরে আসার পরপরই হামলার শিকার হন বলে জানিয়েছে সঙ্গীদের একজন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত.ম. রোকনুজ্জামান জানিয়েছেন, দিনদুপুরে আদালত এলাকায় দু’জনকে হত্যা করার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

error: Content is protected !!