গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে মাদ্রাসা মোড় থেকে সোনাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলফিকার রহমান।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, সড়কটি নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হবে এবং শিক্ষা ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে তাদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে।