শেরপুরের নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ সেলিম মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর আন্ধারুপাড়া এলাকার আকাশমনি বাগান থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে সেলিম মিয়াকে জেলহাজতে পাঠানো হয়। তিনি ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে।
নালিতাবাড়ী থানা সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আকাশমনি বাগানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ৪৮ বোতল ভারতীয় মদসহ সেলিম মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “মাদকবিরোধী অভিযানে এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”
সূত্র: নালিতাবাড়ী থানা, শেরপুর।