গোসল করতে গিয়ে নিভে গেল জীবনের আলো

সোহানুর রহমান
প্রকাশ: ২ ঘন্টা আগে

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে গিয়ে রিয়া মনি (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত রিয়া মনি নওগাঁ জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের মো. রনির মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে রিয়া মনি তার বাবা-মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামের তার খালা ফাহিমা বেগমের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসে। বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে রিয়া তার বাবাসহ অন্যান্য শিশুদের সঙ্গে খালার বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত আত্রাই নদীতে গোসল করতে যায়।

গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত রিয়া নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত খোঁজাখুঁজি শুরু করে এবং প্রায় ৭ থেকে ৮ মিনিট পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে মোটরসাইকেলযোগে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের নদী বা যেকোনো জলাশয়ে গোসলের সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

error: Content is protected !!