টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার প্রার্থীর প্রতিনিধিকে অর্থদণ্ড করা হয়।
দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব জাহিদুর রহমান এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. নওশাদ আলম ২৯ জানুয়ারি ২০২৬ খ্রি. দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে আচরণবিধি লঙ্ঘন করে পিভিসি ফেস্টুন ব্যবহার, যানবাহন ও বিভিন্ন স্থাপনায় হ্যান্ডবিল ও লিফলেট সাঁটানোর প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে—
ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতিনিধি মো. বিল্লাল হোসেনকে ৪০,০০০ টাকা
মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর প্রতিনিধি হারুন-অর-রশিদকে ৩৫,০০০ টাকা
হাঁস প্রতীকের প্রার্থীর প্রতিনিধি আব্দুল বাছেদকে ২০,০০০ টাকা
শাপলা কলি প্রতীকের প্রার্থীর প্রতিনিধি নিজাম উদ্দিনকে ২০,০০০ টাকা
অর্থদণ্ড করা হয়। আরোপিত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ সময় প্রার্থীদের প্রতিনিধিদের আচরণবিধি লঙ্ঘন করে সাঁটানো সকল লিফলেট, হ্যান্ডবিল ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।