নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে। রোববার (০৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের নিয়মিত সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হবে, যাতে সকল ভোটার নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এছাড়া ভোটগ্রহণের সময় ও ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নির্বাচনের আগের রাতেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোটের ব্যালট পৌঁছে দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।
রোববার অনুষ্ঠিত এ সভাটি ছিল কমিশনের দশম সভা। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।