জাতির স্বার্থে প্রয়োজনে জোট করব: নুরুল হক নুর

দেশ এডিশন (সিলেট) ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

দেশ এডিশন (সিলেট) ডেস্ক:

জাতির বৃহত্তর স্বার্থে প্রয়োজনে রাজনৈতিক জোটে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “যদি দেশ ও জাতির স্বার্থে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কারো সঙ্গে জোট করা লাগে—আমরা জোট করব।”

তবে তিনি জানান, সম্ভাবনাময় আসনগুলোতে গণঅধিকার পরিষদের নিজস্ব প্রার্থীরাই ট্রাক প্রতীকে নির্বাচন করবেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশ ও প্রার্থিতা পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।

নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের প্রসঙ্গে তিনি বলেন, “কমিশনের নির্দেশনা অনুযায়ী জোট করলেও প্রতিটি দলকে নিজেদের প্রতীকে নির্বাচন করতে হবে—আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, “প্রতিবাদের উত্তাল সময়েই গণঅধিকার পরিষদের রাজনৈতিক যাত্রা শুরু। মানুষের মুক্তির আন্দোলনে আমরা রাজপথে লড়েছি, সেই মুক্তি অর্জন না করে ঘরে ফিরিনি।”

নুরুল হক নূর নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে মতভেদ থাকলেও মানুষ যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখে। আমরা এমন এক নতুন বাংলাদেশ চাই, যেখানে রাজনীতি হবে মানবিকতার, নেতৃত্ব হবে নৈতিকতার।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহবুব আহমদ। প্রধান বক্তা ছিলেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে দলটির প্রার্থী ও নির্বাহী সদস্য অ্যাড. জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আল মামুন, সিলেট বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান রিজু, ও যুব-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হাসান।

গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাড. জাহিদুর রহমানকে পরিচয় করিয়ে দিয়ে নুর বলেন, “চার দশক প্রবাসে কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠিত হয়েছেন এবং নতুন রাজনৈতিক দল গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন বিয়ানীবাজারের সন্তান জাহিদুর রহমান। আসন্ন নির্বাচনে ট্রাক প্রতীকে তাঁকে বিজয়ী করুন।”

এসময় তিনি সিলেট-৬ আসনসহ সিলেট বিভাগের মোট ১৯ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং আনুষ্ঠানিকভাবে ট্রাক প্রতীক তুলে দেন।

প্রধান বক্তার বক্তব্যে অ্যাড. জাহিদুর রহমান বলেন, “বিপ্লবের চেতনা এখনো জাগ্রত রয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আইন তার নিজস্ব গতিতে চলবে, দুর্নীতি থাকবে না, এবং সাধারণ মানুষ পাবে মর্যাদা ও ন্যায্য অধিকার।”

তিনি প্রতিশ্রুতি দেন, “জনগণের সেবক হয়ে এই অঞ্চলের উন্নয়নে কাজ করব। সিলেট-৬ আসনটি হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক।”

error: Content is protected !!