জাতীয় জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত ইসির

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম নিয়ে নাগরিকদের জন্য এলো স্বস্তির খবর। আগামী ২৫ জানুয়ারি (রোববার) থেকে এনআইডির সব ধরনের তথ্য সংশোধনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি আবারও স্বাভাবিক নিয়মে শুরু হচ্ছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার থেকে এনআইডি সংশোধনের সব কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে। ফলে নাগরিকরা নাম, জন্মতারিখসহ প্রয়োজনীয় সব তথ্য সংশোধনের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে গতি আনতে গত ২৪ নভেম্বর বিকেল ৪টার পর থেকে এনআইডি সংশোধন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

তবে ওই সময় জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে আবেদন গ্রহণ ও সংশোধন সেবা চালু ছিল।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন-সংক্রান্ত প্রস্তুতি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোয় পুনরায় এনআইডি সংশোধন কার্যক্রম সম্পূর্ণভাবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সাধারণ নাগরিকদের ভোগান্তি কমবে এবং দ্রুত প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করা সম্ভব হবে।

error: Content is protected !!