বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান তারেক রহমান। রোববার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় পৌঁছান তিনি।
সাক্ষাৎকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌজন্য সাক্ষাতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় হয়।
উল্লেখ্য, এর আগের দিন শনিবার এক সংবাদ সম্মেলনে তারেক রহমান দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে আগামী দিনে দেশ পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।