জামায়াতের উত্থান আওয়ামী লীগের পুনর্বাসনের ইঙ্গিত : এনসিপি নেত্রী সামান্থা শারমিনের মন্তব্য

দেশ এডিশন অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সামান্থা শারমিন বলেন, “জামায়াত ও আওয়ামী লীগ মূলত একই মুদ্রার এপিঠ–ওপিঠ। জামায়াত কোনো গণমানুষের দল নয়। অতীতে ক্ষমতায় যেতে আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে, আর এখন দেখা যাচ্ছে জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে। কিন্তু আসল বিষয় হলো—জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পাবে। বাংলাদেশকে ইসলামি চরমপন্থীদের হাতে চলে যাচ্ছে—এমন চিত্র দেখিয়ে দেশি-বিদেশি শক্তি আওয়ামী লীগকে পুনরায় গ্রহণযোগ্য করার চেষ্টা করবে।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে জামায়াতের শক্তি বেড়েছে আসলে আওয়ামী লীগের কারণেই। আওয়ামী লীগ তাদের কোণঠাসা করে জামায়াতের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়িয়ে দিয়েছে। এটা আওয়ামী লীগের কৌশল—জামায়াত যত শক্তিশালী হবে, আওয়ামী লীগও ততটা প্রাসঙ্গিক থাকবে। দুই দলের মধ্যে এক ধরনের পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে।”

এনসিপি নেত্রীর ভাষায়, “জামায়াত এখন আওয়ামী লীগবিরোধী রাজনীতি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। অন্যদিকে সিভিল সোসাইটিতে আওয়ামী লীগপন্থী অনেকেই সক্রিয়। তাঁরা প্রশ্ন তুলছেন—আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? জামায়াত সেই ভোট নিজেদের দিকে টানার চেষ্টা করছে।”

তিনি অভিযোগ করে বলেন, “জামায়াত এখন আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। জামায়াত নেতারা আওয়ামী লীগের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে আশ্বস্ত করছেন যে ক্ষমতায় এলে তাঁদের ক্ষতি করবে না। এমনকি সাভার এলাকায় আওয়ামী লীগের যেসব নেতা কারাগারে আছেন, তাঁদের পক্ষে জামায়াতের এক পরিচিত আইনজীবী লড়ছেন—যিনি এর আগেও বিতর্কিত মামলায় আসামিদের পক্ষে ছিলেন। প্রশ্ন হচ্ছে, তিনি এটা করছেন টাকার জন্য, নাকি রাজনৈতিক উদ্দেশ্যে? হত্যাকারীদের পক্ষে দাঁড়িয়ে তিনি এখন সাহস দেখাচ্ছেন যে এটি সামলাতে পারবেন।”

error: Content is protected !!